ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। অঙ্গরাজ্যের ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ব্রাড রাফেন্সপারগার জানিয়েছেন, সেখানে জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন। তিনি বলেন, ‘অংকের হিসেবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় আমাদের সব ভোট পুনঃগণনা করতে হচ্ছে। সপ্তাহ শেষ হওয়ার আগেই আমরা ভোট পুনঃগণনার কাজ শুরু করতে চাই।’ বলেন তিনি।
ব্রাড রাফেন্সপারগার বলেন, ‘ভোট পুনর্গণনার পর যে ফল পাওয়া যাবে আমরা সেটাই সার্টিফাই করবো, সেটাই চূড়ান্ত গণনা হবে। এটা নিরীক্ষণ, পুনর্বিবেচনা এবং এক কথায় সব ভোট পুনঃগণনা।”
অন্যান্য রাজ্যের মত জর্জিয়াতেও একই প্রক্রিয়ায় ভোট হয়েছে জানিয়ে রাফেন্সপারগার বলেন, ‘‘কিন্তু অন্যান্য রাজ্যে জয়-পরাজয়ের ব্যবধান এত কম হয়নি। জাতীয় পর্যায়ে এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা বুঝতে পারছি। আমরা এটা করছি কারণ এটাই আমাদের কাছে সব থেকে সঠিক বলে মনে হয়েছে। আমরা পুরো রাজ্য জুড়েই এই নিরীক্ষা চালাবো।”
খবর বাংলা ট্রিবিউন