এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বাধঁন সরকার পূজা ‘তোকে চাই’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিলেন। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী রাজ বর্মন।
গানটি প্রসঙ্গে পূজা বলেন, গানটির কথা-সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। রাজ বর্মনের গায়কীর ফ্যান আমি নিজেও। দারুণ গেয়েছে গানটি। নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।
রাজ বর্মন বলেন, পূজা এতো সুন্দর করে গান গায়, আমি মুগ্ধ। গানটির কথা ও সুর অসাধারণ। দুই বাংলার শ্রোতাদেরই গানটি খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
‘তোকে চাই’ গানটি ধ্রুব মিউজিক স্টেশন তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে ভিডিও শুক্রবার প্রকাশ করবে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।