অল্প সময়ে স্বল্প কাজের মাধ্যমে বিস্তর সফলতা পেয়েছেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমার বাজারে প্রচলিত আছে- বড় বাজেট মানেই বড় বাজি। এবার সেই বাজি ধরা হচ্ছে কিয়ারাকে নিয়ে। কিন্তু বলিউডে নয়, এবার দক্ষিণের নতুন সিনেমায় দেখা যাবে তাকে।
জানা গেছে, নির্মাতা নাগ অশ্বিনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাস। প্রাথমিক পর্যায়ে এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’।
ছবিটিতে এই নায়কের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়েই চলছে জল্পনা। নায়িকা চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের নামও শোনা গেছে। নতুন করে যুক্ত হয়েছে কিয়ারা আদভানির নাম। একটি সূত্রের দাবি, ‘প্রভাস ২১’ সিনেমার নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানিই।
সায়েন্স ফিকশন ঘরানার বিগ বাজেটের এ সিনেমায় দীপিকাকে নিতে চেয়েছিলেন নির্মাতা নাগ অশ্বিন। কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার হিন্দি সংস্করণের থিয়েট্রিক্যাল স্বত্বও দাবি করেছেন দীপিকা। ফলে তাকে নেয়া হচ্ছে না বলে শোনা যাচ্ছে।
এই সময়ে কিয়ারা আদভানি ‘লক্ষ্মী বোম্ব’, ‘ইন্দু কি জওয়ানি’, ‘ভুলভুলাইয়া টু’ নামের ছবিতে অভিনয় করছেন। এছাড়া তামিল ভাষার সুপারহিট ‘চন্দ্রমুখী’ মুভির সিক্যুয়েলে এ অভিনেত্রীকে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানা যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।