মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন করোনার কারণে শুটিং থেকে বিরত থাকলেও গত মাসে অভিনয়ে ফিরেছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ঈদের নাটকেও অভিনয় করেছেন। এবার একই দিনে দুই বিজ্ঞাপনে কাজ করলেন ফারিয়া।
জানা গেছে, ১৯ জুলাই একসঙ্গে দুই বিজ্ঞাপনের শুটিং করেছেন এই অভিনেত্রী। বিজ্ঞাপন দুটি হচ্ছে- প্রাণ ফ্রুটো ড্রিঙ্কস এবং ভিশন স্মার্ট টিভির। রাজধানীর উত্তরায় বিজ্ঞাপন দুটির দৃশ্যধারণ করা হয়েছে।
এই বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও মডেল আজিম।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে শোবিজে নাম লেখান ফারিয়া শাহরিন। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনের মাধ্যমে সর্বমহলে পরিচিতি পান তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।