নিত্য নতুন মডেলের গাড়ির নেশা ছিল সালমান শাহর। স্টাইলে সবার সেরা ছিলেন বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্মা চিত্রনায়ক। সালমান শাহ নেই কিন্তু এখনো রয়ে গেছে তার স্মৃতিবিজড়িত অনেক কিছুই। সম্প্রতি তেমনই এক গাড়ির খোঁজ পেয়েছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন। প্রিয় নায়কের গাড়ির দেখা পেয়েই আবেগে আপ্লুত হয়ে গেছেন তিনি।
সালমান শাহর ব্যাবহৃত ওই গাড়িটি নিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন সাইমন সাদিক। ফেসবুকে সেই ছবি পোস্ট করে স্বপ্নের নায়ককে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি। মুহূর্তেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাইমন লিখেছেন, ‘প্রিয় সালমান শাহ। নিশ্চয়ই আপনি শান্তিতে আছেন। আপনি কি জানেন, আপনার গাড়ি আজ আমাকে কতটা আবেগাপ্লুত করেছে? আপনাকে সামনা-সামনি দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আপনার স্পর্শ পাওয়া গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিলো, আপনাকেই যেন ছুঁয়ে ফেললাম! আপনার মুখখানা ভাসছিল চোখের সামনে। হঠাৎ মনে হলো আপনি তো কাছে নেই! কী এক অদ্ভুত অনুভূতি!’

‘জানেন আপনার গাড়িটাও অন্য একজন কিনে নিয়েছে! গাড়ির রং ও বদলে ফেলেছে! এটা ভেবে আরো কষ্ট পাচ্ছিলাম, আপনার ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ আপনার প্রতি, তা যদি আপনার পরিবারের কারো থাকতো, তাহলে হয়তো এই গাড়িটা আপনার বাড়িতেই থাকতো।
যাই হোক,আমার বন্ধু সাকিব শুভকে অনেক ভালোবাসা আমাকে এই অনুভূতির সম্মুখীন করার জন্য। তবে, আপনার গাড়িটা কিন্তু বস সেই রকম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।’ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।