ছোটপর্দার এই সময়ের আলোচিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। বিগত কয়েক বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সেই ধারাবাহিকতায় একসঙ্গে ‘পলিটিক্স’-এ নাম লেখালেন। ভক্তদের হয়তো আগ্রহ- তাদের প্রিয় তারকা জুটি কোন দলের সঙ্গে নিজেদের যুক্ত করলেন অথবা, সামনে কোনো নির্বাচনে অংশ নেবেন কিনা?
বাস্তবে তারা কোনো ধরনের ‘পলিটিক্স’ বা রাজনীতির সঙ্গে যুক্ত হননি। এ দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পলিটিক্স’ নামের একটি একক নাটকে। ইশতিয়াক আহমেদের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
বর্তমানে দুজনে করোনার কারণে নিজেদের বাসায় অবস্থান করছেন। তবে ‘পলিটিক্স’ নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগেই। নাটকটিতে আজাদ নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপূর্বকে। অপরদিকে তানজিন তিশাকে দেখা যাবে নন্দিতা চরিত্রে।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘পলিটিক্স’ নাটকটি আসছে ঈদে একটি বেসকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।