বলিউডের ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের ‘রক্ষাকর্তা’ হিসাবে এগিয়ে এলেন অভিনেতা বরুন ধাওয়ান। করোনার জন্য বর্তমান আর্থিক সঙ্কটে ২০০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠালেন অভিনেতা।
দীর্ঘদিন লকডাউন চলায় বলিউডের কলাকুশলীদের আর্থিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে শুটিং ধীরে ধীরে শুরু হলেও সেটে কম সংখ্যক লোক নিয়ে কাজ করার নিয়মের জন্য ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের আর্থিক পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। এমন অবস্থাতেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বরুন।
‘এবিসিডি ২’ ও ১স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে নিজেই একজন ডান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন বরুন। তাই বাস্তব জীবনে তাদের সমস্যাটা বোঝেন। এই পরিস্থিতিতে বহু তারকার কাছেই সাহায্যের অনুরোধ করেছিলেন এই ড্যান্সাররা।
এক সাক্ষাৎকারে একজন প্রাক্তন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বরুন ধাওয়ান তাদের সাহায্য করেছেন। তিনটি ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে কাজ করেছেন অভিনেতা। তাদের সংসার কিভাবে চলছে তা নিয়ে বরুন বেশ চিন্তিত ছিলেন বলেও জানান ওই প্রাক্তন ড্যান্সার।
তিনি আরো বলেন, অনেকেই এমন আছেন যারা টাকা ধার করে সংসার চালাচ্ছেন। অনেকের বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছেন। শুটিং শুরু হলেও ড্যান্সারদের সেটে আসতে এখনো অনেক সময় লাগবে বলে জানান ওই ব্যাকগ্রাউন্ড ড্যান্সার।
প্রসঙ্গত, এরপর সারা আলি খানের সঙ্গে ‘কুলি নাম্বার ১’ ছবির রিমেকে দেখা যাবে বরুন ধাওয়ানকে। আগামী বছরের ১লা জানুয়ারি এই ছবির মুক্তির তারিখ ঠিক হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।