সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মরণে একটি গান গাইলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। অকাল প্রয়াত এই নায়ককে স্মরণ করে তিনি কণ্ঠে তুললেন ‘ছিচ্চোরে’ ছবির ‘খৈরিয়াত’ গানটি।
ইমরান বলেন, সুশান্ত তো সবারই প্রিয়। হুট করে তার চলে যাওয়ার ঘটনাটি সবার জন্যই বিগ আপসেট। এরপর থেকেই আমার ফ্যানরা অনুরোধ করেছে, গানটি কাভার করার জন্য। আমিও গাওয়ার চেষ্টা করলাম। সত্যি বলতে, এটা তো আসলে আবেগের বিষয়। কাজটি করে আমারও ভালো লাগছে।
‘খৈরিয়াত’ নামের গানটির মূল শিল্পী অরিজিৎ সিং। অমিতাভ ভট্টাচার্যের কথায় এর সংগীত পরিচালক প্রীতম। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে কাভার করা গানটি প্রকাশ করেছেন ইমরান।
মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত সুশান্তের শেষ ছবি ‘ছিচ্চোরে’। এতে তার বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। আর মৃত্যুর আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ড্রাইভ’। এই নায়কের শেষ ছবি ‘দিল বেচারা’ ডিজনি হটস্টারে আসছে ২৪ জুলাই মুক্তি পাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।