বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১২ দিন কেটে গেছে। একমাত্র ছেলেকে শোকে পাথর হয়ে গেছেন বাবা কেকে সিং। ছেলের ছবির সামনে বসে এই কয়েকদিন শুধু চোখের জল ফেলেছেন তিনি। অবশেষে ছেলেকে নিয়ে মুখ খুললেন সুশান্তের বাবা।
সুশান্তের মৃত্যু, প্রেম, সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে অঙ্কিতার প্রসঙ্গ উঠে আসে কেকে সিংয়ের কথায়। তিনি জানান, অঙ্কিতা পটনার বাড়িতেও এসেছিলেন। তার সঙ্গেই সুশান্তের বিয়ে হওয়ার কথা ছিল ২০১৬-র শেষ দিকে। কিন্তু ওই বছরের শুরুতেই তাদের ৬ বছরের সম্পর্ক শেষ হয়ে যায়।
কিন্তু কেন এই সম্পর্ক পূর্ণতা পেল না, কেনই বা অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ করলেন সুশান্ত? এর উত্তরে কেকে সিং বলেন, ইয়ে তো সংযোগ হ্যায়। যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায়।
সম্প্রতি কি তাদের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা হয়েছিল? সুশান্তের বাবা জানান, হয়েছিল। তবে রিয়া’কে তিনি চেনেন না। সুশান্ত বলেছিলেন, এখন করোনার কারণে বিয়ে করা যাবে না। তারপর একটা ছবি হাতে আছে। সেটা হয়ে গেলে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে। এটাই ছিল সুশান্তের সঙ্গে তার বাবার শেষ কথোপকথন।
এদিকে ছেলের মৃত্যুতে শোকে থাকলেও সুশান্তের আত্মার শান্তি কামনায় রীতি মেনে সমস্ত শ্রাদ্ধশান্তিও সমাপ্ত করেছেন। সুশান্তের পটনার বাড়িতেই আয়োজন করা হয়েছিল তার স্মরণসভার। সেখানেও ছেলের ছবির সামনে স্থির হয়ে বসেছিল কেকে সিং। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।