অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আট বছর আগের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা একটি ছবিকে তাদের তোলা প্রথম সেলফি বলে জানিয়েছেন শাওন।
ক্যাপশনে শাওন লিখেছেন, কোলন সার্জারির সপ্তম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন, ‘এসো দুজনের একটা ছবি তুলি!’
শাওন আরো বলেন, এটা আমাদের প্রথম সেলফি। আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে সেটা ওই সময়ে জানতাম না। শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার ১৮ জুন, ২০১২।
ছবিটির সঙ্গে ক্যাপশন হিসেবে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাতের একটি কবিতাও জুড়ে দেন শাওন। কবিতাটি হচ্ছে-
চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম!
দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম।
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম।
উল্লেখ্য, সে বছরের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।