তানভীর সিদ্দিক টিপু:
সারাবিশ্ব জুড়ে বেড়েই চলেছে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সচেতনতার জন্য সবাইকে থাকতে হচ্ছে ঘরেই। এ সময়ে তরুণদের একটা বিশাল অংশ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পার করছে অলস সময়। তার জন্য বাবা-মায়ের চিন্তার অন্ত নেই। মনে সংশয়, তাদের সবচেয়ে প্রিয় সম্পদ তাদের সন্তানরা যেন বিপথে চলে না যায়। আবার দেশের নিম্নবিত্ত শ্রেণী পড়েছে ব্যাপক খাদ্য ও কর্ম সংকটে।

এমন পরিস্থিতিতে এই সংশয়কে পাশ কাটিয়ে সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে ঝিনাইদহের কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া। হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ফেসবুককে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান সম্রাট। লকডাউনে নিজের গ্রামে ফিরে এসে ভাবছিলেন এই দুর্যোগকালে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। প্রাথমিক পর্যায়ে সঙ্গী হিসেবে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী রিপা কুণ্ডু আর প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের সাজ্জাদকে । আরও কয়েকজন বন্ধু একমত হলেন তাদের সাথে। ফেসবুকের ওয়ালে পোস্ট করলেন যে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। একে একে যুক্ত হলেন তথী, অলিভ, আশিক, সায়েম, সবুজ, লিজা, মাজেদুল, সানি, শিহাব ও প্রান্ত। মুহূর্তেই বেশ ভালো একটা স্বেচ্ছাসেবী দল গড়ে ওঠে তাদের। কাজের এক পর্যায়ে এসএসসি ব্যাচ-২০১৮ নামের আরেকটি গ্রুপ যুক্ত হয় তাদের সাথে।

ফেসবুকে একটা গ্রুপ খুললেন প্রবর্তন (স্বেচ্ছাসেবী গ্রুপ, ঝিনাইদ) নামে। তাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অনেকেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শুরু করলো। তারা একটা মোবাইল নাম্বার ছড়িয়ে দিলেন ফেসবুকের দুনিয়ায়। সেই নাম্বারে ফোন করলেই মিলবে খাবার কিংবা সহযোগিতা। অনেকেই ফোন করতে লাগলো নাম্বারটিতে। প্রবর্তনের সদস্যরা নিজেদের মোটরসাইকেলে চড়ে খারার নিয়ে ছুটে যেতে লাগলেন অসহায় মানুষের দ্বারেদ্বারে। ঝিনাইদহ পৌরসভাসহ আসপাশের প্রায় ৩০ টি গ্রামে তারা পৌঁছে যান।
নাহিদুজ্জামান সম্রাট জানান, ‘আমাদের পিছনে কোনো প্রতিষ্ঠানের হাত ছিল না। আমরা শিক্ষার্থীরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এটি করেছি। আমি অনলাইনে টিউশনি করে অর্থ উপার্জন করে এখানে দিয়েছি। আমরা এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন।’
সহযোগিতা করার জন্য তারা বেছে নেয় দিনমজুর এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। এছাড়াও ‘হটলাইন’এ ফোন করা সবাইকেই সহযোগিতা করেছেন তারা। প্রথম ধাপে তারা ৬০ টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন । দ্বিতীয় ধাপে ১০০ টি, তৃতীয় ধাপে ১৫০ টি এবং চতুর্থ ধাপে ২৫০টি। এখন পঞ্চম ধাপের কাজের জন্য অর্থ সংগ্রহ করছেন তারা। প্রায় দুই লক্ষ টাকা খরচ করেছেন তারা।
সম্রাট, রিপা, সাজ্জাদরা যে ‘প্রবর্তন’এর প্রবর্তন করলেন, সেই শিক্ষা যেন দেশের প্রতিটি তরুণ অন্তরে ধারণ করতে পারে। তাহলে হয়তো অনেক সামাজিক অবক্ষয, সংশয় কিংবা সংকট মোকাবেলা করা অনেক সহজতর হবে।