মালাইকা অরোরার অ্যাপার্টমেন্টে করোনা রোগী পাওয়া গিয়েছে। আর সে কারণেই মুম্বাইয়ে পশ্চিম খার এলাকার ‘তাসকানি’ অ্যাপার্টমেন্ট সিল করেছে বিএমসি। সম্প্রতি এমনই খবর প্রকাশ্যে এসেছে। তবে এখন জানা যাচ্ছে, ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা মালাইকার বোন অমৃতার শ্বশুর-শাশুড়ি দুইজনেই করোনা আক্রান্ত।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ‘তাসকানি’ অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় থাকেন অমৃতা অরোরা শ্বশুর-শাশুড়ি। তারা দুজনেই করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। এর সত্যতা স্বীকার করে অমৃতা অরোরা জানিয়েছেন, হ্যাঁ, ওনারা করোনা আক্রান্ত হয়েছিলেন, তবে তারা এখন অনেকটাই ভালো আছেন, তাই তাদের হোম কেয়ারেন্টাইনেই রাখা হয়েছে। তবে এখন বাড়ি পরিচারিকারাও আক্রান্ত, তাই তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, অমৃতার শ্বশুর-শাশুড়ি ‘তাসকানি’ অ্যাপার্টমেন্টে থাকলেও অমৃতা তার দুই সন্তান আজান, রায়ান ও স্বামী শাকিল লাদাককে নিয়ে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকাতে থাকেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।