সোনু সুদের পর মাঠে নামলেন অমিতাভ বচ্চন। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হলেন বিগ বি। মুম্বাই থেকে উত্তরপ্রদেশের ১০০০ পরিযায়ী শ্রমিককে তাদের নিজেদের বাড়িতে ফেরত পাঠাচ্ছেন অমিতাভ।
মুম্বাই থেকে উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউসহ একাধিক জায়গায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে গেছে ইন্ডিগোর এ-৩২০ এয়ারবাস। ওই বিমানে রয়েছে ১৮০ জন পরিযায়ী শ্রমিক। এরপর আরো ৫টি বিমান মুম্বাই থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দেবে বলে জানা যায়।
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রাজেশ যাদব জানান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য নিজেই সব দেখাশোনা করছেন বিগ বি। মুম্বাই থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফেরানোর জন্য ৬টি বিমানের ব্যবস্থা করেছেন অমিতাভ।
এদিকে বর্তমান পরিস্থিতিতে প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরত পাঠিয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের খাইয়ে, তাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন সিম্বা অভিনেতা। সেই কারণে সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ দেশের মানুষ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।