বলিউডের অনেক তারকার সঙ্গেই দেহরক্ষী দেখা যায়। প্রিয় তারকার দেখা পেলে ভক্তরা মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অটোগ্রাফ কিংবা সেলফির আবদার করে। কিন্তু অনেক সময় বেকায়দায় পড়তে হয় তারকাদের। বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে দেহরক্ষী সঙ্গে নিতে হয় তাদের।
বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। অনেকদিন থেকেই এই অভিনেত্রীর সঙ্গে আছেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে দেহরক্ষী জালালকে বছরে ৮০ লাখ রুপি পারিশ্রমিক দিতেন দীপিকা। ধারণা করা হচ্ছে, এখন তা প্রায় ১ কোটি রুপিতে ঠেকেছে।
জালাল বিভিন্ন অনুষ্ঠানে ভক্ত ও পাপাজ্জিদের ভিড় থেকে দীপিকাকে সুরক্ষা দিয়ে আসছেন। এমনকি দীপিকার বিয়ের সময় কনে পক্ষের অন্যতম সদস্য ছিলেন জালাল। এখানেই শেষ নয়, ভাই হিসেবে রাখি বন্ধনের দিনে জালালের হাতে রাখি বেঁধেছিলেন এই অভিনেত্রী।
মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘৮৩’। ১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে এই সিনেমার গল্প। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।