করোনায় স্তব্ধ গোটা দেশ ৷ গত দু’মাস ধরে বিশেষ পরিস্থিতির মধ্যে শুধু একের পর এক দুঃসংবাদই পেয়েছেন সাধারণ মানুষ৷ এবার বলিউড হারাল আরো এক দুর্দান্ত প্রতিভাকে৷ হিন্দি সিনেমাকে একাধিক হিট গান উপহার দেয়া সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান রোববার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর ৷
সঙ্গীত পরিচালক ওয়াজিদের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিণীতি চোপড়া হয়ে পড়লেন নস্ট্যালজিক৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদের সঙ্গে কাটানো এক আবেগঘন সন্ধের কথা৷
পোস্ট শেয়ার করে পরিণীতি লিখলেন, তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটি সন্ধ্যা আমি ভুলতে পারব না৷ মনে আছে, আমরা গান গেয়েছিলাম তাজমহলের সামনে বসে, তখন সন্ধ্যা নামছিল৷ সেই সন্ধ্যাটা গোটা জীবনে ভুলতে পারব না৷ তুমি চিরদিন আমার মনে থেকে যাবে।
সংবাদসংস্থা পিটিআই-কে ওয়াজিদের দাদা সাজিদ খান জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার ভাইয়ের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি ওয়াজিদের রিপোর্ট করোনা পজিটিভ ছিল বলেও জানান তিনি৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন ওয়াজিদ ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।