স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ সোমবার ক্লাবগুলোকে জানিয়েছে, তাদের অঞ্চলে লকডাউন থাকা সত্ত্বেও তাদের সব খেলোয়াড় ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে। এর আগে খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে গত মার্চের মাঝামাঝি আরোপ করা লকডাউন বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি অনুযায়ী একটু একটু করে শিথিল করতে শুরু করেছে স্পেন সরকার।
লকডাউন কড়াকড়িভাবে কার্যকর আছে এমন অঞ্চলে একটি অনুশীলন সেশনে ১০ খেলোয়াড় অংশ নিতে পারবে। যেখানে তুলনামূলকভাবে কড়াকড়ি কম, সেখানে একসঙ্গে ১৪ জন অনুশীলন করতে পারবে।
কিছু কিছু দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে গ্রুপ মিটিং করার অনুমতিও পেয়েছে। রেফারিরাও পেয়েছেন নিজেদের কাজ করার অনুমতি। পরের ধাপে পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম