বেশ কয়েক বছর ধরে উৎসবগুলোতে বিশেষ নাটক নিয়ে হাজির হন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর এই বিশেষ নাটকে তারকা অভিনয়শিল্পীর চেয়ে গল্পের দিকে বেশি গুরুত্ব দেন এই নির্মাতা। এবার ঈদেও তেমনি গল্প নির্ভর ‘উপহার’ নামের নাটক নিয়ে হাজির হচ্ছেন আরিয়ান।
জানা গেছে, লকডাউনের আগে এই নাটকটি আরিয়ান নির্মাণ করেন। এই নাটকে অভিনয় জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই।
কাজটি প্রসঙ্গে আরিয়ান বলেন, কাজটি সম্পর্কে আগাম কিছু বলতে চাই না। আমি চাই আগাম কিছু না জেনে এর পুরোটাই দর্শকরা দেখুক। অনুরোধ করছি, একেবারে শেষ পর্যন্ত যেন নাটকটি মানুষ দেখেন। গল্প সম্পর্কে এটুকুই বলবো, এটা সম্পর্কের গল্প।
জানা গেছে, ‘উপহার’ নাটকটি ঈদের বিশেষ আয়োজনে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।