টেলিভিশন নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন নাট্যাভিনেতা-অভিনেত্রীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। সংগঠনের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুটিং স্থগিত রাখা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা বাসায় থাকুন। নিরাপদে থাকুন। এই সমাজ এবং মানুষের প্রতি সর্বোপরি নিজের পরিবারের প্রতি দায় সবচাইতে বেশি। আমরা চাইনা খারাপ কোন কিছুর উদাহরন হতে। তাই নিজের এবং জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এমন কিছু করবো না যা দৃষ্টান্ত হয়ে থাকে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বাস্তব অবস্থা বিবেচনা করে আপাতত সকল প্রকার শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমরা একেঅপরের পরিপূরক হয়ে কাজ করে যাবো।
অভিনয় শিল্পী সংঘের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বতর্মান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সবর্ত্র সঙ্গ নিরোধ কালে আমরা রয়েছি। পরিস্থিতি বিবেচনায় আমরা সবাই উদ্বিগ্ন, ব্যাথিত কারন আমরা আমাদের কাজে ফিরতে পারছি না। চরম অর্থনৈতিক কষ্টে দিনযাপন করছি। এই সময়ে আন্তঃ সংগঠন চেষ্টা করেছে সহকর্মীদের পাশে দাঁড়াতে। স্ব স্ব সংগঠন গুলোও তাদের সদস্যদের দুঃখে সমব্যাথি হয়ে যৎসামান্য সহযোগীতা করেছেন। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় নগন্য।
আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে সহকর্মীদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। সরকারী সহায়তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার জন্য যথাযথ আবেদনসহ সকল ধরনের নথি ইতিমথ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবার সহায়তার আবেদনও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু আমরা সমাজের সচেতন মানুষ হিসাবে দাবী করি এবং আমাদের সেলিব্রেটিদের মানুষ অনুসরণ করে তাই দেশের জনগণের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনা করে, সকল সদস্যদের নিরাপদ রাখবার স্বার্থে সবার আগে আমরাই লক ডাউন ঘোষণা করি। যা সুশৃঙ্খল ভাবে তা মেনে চলি। যেটি বিগত ২২ মার্চ থেকে এখন পর্যন্ত বহাল আছে। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে দীর্ঘদিন লকডাউনে আমরা তীব্র অনিশ্চয়তায় বাস করছি। আমাদের জীবন জীবিকা আজ হুমকির সম্মুখীন। এই সব কিছু বিবেচনা আমাদের সকলেরই আছে। আমরা আন্তুঃ সংগঠন গুলো দিনরাত পরিশ্রম করছি এই অবস্থা থেকে বের হয়ে আবার কাজ শুরু করা যায় কিভাবে! কিন্তু বাস্তব অবস্থা বিপরীত। দিন দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।
বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, সংগঠনগুলো প্রায় প্রতিদিন সামগ্রিক অবস্থা বিবেচনা করছি এবং একটা গ্রহণযোগ্য উপায় বের করার চেষ্টা করে যাচ্ছি। কি ভাবে শুটিং কাযক্রম শুরু করা যায়। কিন্তু আমরা হতাশ হয়েছি কোথাও কোনো আলোর দেখা পাচ্ছি না। এই মাসে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সবচাইতে বেশি আক্রান্ত হবার কথা এবং হচ্ছেও তাই। এমতবস্থায় আমরা আপতত শুটিং সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার পক্ষে। তবে আমরা স্বাস্থ্য বিধি মেনে যৌক্তিক উপায় বের করে অচিরেই শুটিং- এ ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।