নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ৪৭তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন ফারুকী। করোনার সংকটের দিনে ঘরবন্দী জন্মদিন কাটছে এই নির্মাতার। এ দিনটিতে তেমন কোনো আয়োজন না থাকলেও নিজে হাতে কেক বানিয়ে স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সারপ্রাইজ দিতে ভুল করেননি।
বিষয়টি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এমনই যে নিদান কাল তার আবার জন্মদিন কী! তারপরও প্রিয়জনদের ভালোবাসাতো থেমে থাকে না! তিশা তাই হাতের কাছে যা পেয়েছে-প্যানকেক, চকলেট, আর অ্যাপ্রিকট দিয়ে একটা কেক বানিয়েছে! আকারে ছোট, ভালবাসায় অনেক বড়।
তিশার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারুকী লিখেন, এই জীবনে সবার ভালোবাসাই পাইতে চাইছি, ভালবাসতেই চাইছি! আর কোনো বিষয় নিয়ে অভিযোগ করার সুযোগ থাকলেও ভালবাসা নিয়ে অভিযোগের সুযোগ নাই! সেই জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা!
তিনি আরো লিখেছেন, যে আমারে ভালোবাসে নাই, আমি আসলে তারও ভালোবাসা চাইছি, ভালোবাসতে চাইছি! তার পরও যদি কাহারেও আঘাত করে থাকি, তবে জেনো সে মোর অজ্ঞতাপ্রসূত অথবা ক্ষণিকের উত্তেজনার ফল! জন্মদিনের এই লগ্নে আমার লেখা কয়টা লাইন আবার শেয়ার করতেছি।
জন্মদিন উপক্ষে নিজের লেখা একটা কবিতাও পোস্ট করেছেন ফারুকী। কবিতাটি হলো, তুলতুলে বাচ্চাদের আমি/কোলে নিতে পারিনা/আদর দিতে গিয়ে ব্যাথা দিয়ে ফেলি/ ধরতে যাই পরম মমতায়/অজ্ঞতাবশত দিয়ে ফেলি আঘাত।/ আমি গল্পের সেই প্রকাণ্ড মানুষ / যে জানেই না তার শরীরের ভুগোল কিংবা ব্যাকরণ।
প্রসঙ্গত, ২০১০ সালের জুলাইয়ে মোস্তফা সরয়ার ফারুকী বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ‘ছবিয়াল’ নামের একটি সংগঠন। তিনি এই সংগঠনের পুরোধা। নাটকের পাশাপাশি তিনি এ পর্যন্ত আটটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।