করোনাভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছেন পেশাজীবীরা। শোবিজেও কোনো কাজ নেই এখন। ঠিক এমন সময় কাজে ব্যস্ত কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। আগে থেকে জমে থাকা কাজগুলো করছেন তিনি।
এ কণ্ঠশিল্পী জানান, বর্তমানে সুর এবং সঙ্গীত পরিচালনার কাজ করছেন তিনি। এছাড়া বিজ্ঞাপনের কাজও হাতে এসেছে। তবে এসব কাজ তিনি নিজের বাসাতে অবস্থান করেই করছেন।
এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, সবাই এখন গৃহবন্দী। বাইরে যাওয়ার সুযোগও নেই, ইচ্ছাও নেই। অন্য সময়গুলোতেও আমি খুব বেশি যে অবসরে থাকি তা কিন্তু নয়। সারাবছরই কাজে ডুবে থেকে সময় পার করি। করোনা সংকটেও কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আগে থেকেই কিছু কাজ অসমাপ্ত ছিল। সেগুলো নিয়ে কাজ করছি। এছাড়া এর মাঝেও কিছু কাজ এসেছে, সেগুলোও দেখছি। কাজের বাইরের সময়গুলো আমার একমাত্র সন্তানের সান্নিধ্যেই কাটছে।
করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এভাবে যে আর কতোদিন বসে থাকতে হবে তা আমরা কেউই জানি না। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, দ্রুত যেনো এ পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।