প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বন্ধ সব ধরনের ক্রিকেট। বাতিল হয়েছে অনেকগুলো সিরিজ। তবে চলমান অচলাবস্থার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশার বাণী শোনাচ্ছে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে। নির্ধারিত সূচি অনুসারে আগামী জুলাইতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত ৩০শে এপ্রিল এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা ক্রিকেট। তিনি বলেন, ‘আগামী এক বা দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাংলাদেশ সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এসএলসি।’
ক’দিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সরকারের কী আদেশ রয়েছে সেদিকে নজর রাখার পাশাপাশি তাদের (শ্রীলঙ্কা) সরকার কীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে সে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি। বর্তমানে আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং কিছু দিনের মধ্যেই আমরা একটা পরিষ্কার ধারণা পাবো। সম্ভবত আরও ১০ দিন সময় লাগতে পারে পুরো পরিস্থিতিটা বুঝতে।
এরপরই আমরা যেকোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশের সঙ্গে সিরিজ শেষের আগেই ভারত পা রাখবে শ্রীলঙ্কায়। সেই সিরিজের ভাগ্যও নির্ধারণ হবে আগামী দুই সপ্তাহের মধ্যে।
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করায় বাংলাদেশ দলের তৃতীয় ধাপের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। এছাড়া মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও স্থগিত করা হয়েছে এবং আগস্টে নিউজিল্যান্ড সিরিজ নিয়েও রয়েছে শঙ্কা।
খবর বাংলা ট্রিবিউন