সত্যজিৎ রায়—যিনি সবাইকে হাসি-খুশি বাঁচতে শিখিয়েছেন। তার কোনো সৃষ্টি যখন দেখি বা পড়ি, মনে হয় খুব দ্রুত শেষ হয়ে গেল! আরেকটু থাকলে আরো আনন্দ পেতাম। তার হাতে গড়া প্রতিটি চরিত্র, সংলাপ, গল্প যেন এখনও জীবন্ত! অথচ প্রতিটি কাহিনি লেখার বয়স দু’প্রজন্ম পেরিয়েছে। আজ এই মানুষটা বেঁচে থাকলে তার বয়স হতো নিরানব্বই বছর, আমরা পেতাম দারুণ সব সৃষ্টি।
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার হিসেবে সত্যজিৎ রায় গেঁথে আছেন সবার অন্তর গহিনে। তিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা। শিল্পকলার নানা শাখায় ছিল সত্যজিৎ রায়ের বিচরণ। চলচ্চিত্র, নাটক, সাহিত্য, চিত্রকলা এমনকি সঙ্গীতে তার কৃতিত্ব সবাইকে বিস্মিত করেছে। বাংলা চলচ্চিত্রকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে তিনি পালন করেছেন অগ্রণী ভূমিকা। চলচ্চিত্রে যোগ করেছেন নিজস্ব একটি ভাষা।
কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে সত্যজিৎ রায়ের জন্ম। দিনটি ছিল ১৯২১ সালের ২ মে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
গুণী এই মানুষটির চলচ্চিত্রের প্রতি আগ্রহ জন্মায় ১৯৪৯ সালে ফ্রেন্স পরিচালক জঁ রনোয়ার সঙ্গে পরিচয় এবং বিখ্যাত চলচ্চিত্র ‘দি বাইসাইকেল থিফ’ দেখার পর। ১৯৫৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘পথের পাচালি’—যা সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে পরিগনিত হয়। ছবিটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে; যার মধ্যে অন্যতম হল কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডকুমেন্টরি ফিল্ম’ অর্জন।
গোয়েন্দা চরিত্র ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কু চরিত্রগুলোর মাধ্যমে তিনি একাধারে গোয়েন্দা উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখায় দক্ষতার পরিচয় দিয়েছেন। এর বাইরেও তিনি রচনা করেছেন বহু ছোটগল্প, ছড়া প্রভৃতি। আঁকাআঁকিতেও দক্ষ ছিলেন সত্যজিৎ। নিজের বইগুলোর প্রচ্ছদ ও অলংকরণ তিনি নিজেই করতেন।
তার শ্রেষ্ঠ কিছু কাজের মধ্যে রয়েছে ‘জয় বাবা ফেলুনাথ’, ‘সোনার কেল্লা’, ‘অপু ট্রিলোজি’, ‘হীরক রাজার দেশে’, ‘গুপী গাইন ও বাঘা বাইন’, ‘অরন্যের দিনরাত্রি’, ‘দেবী’সহ আরো অনেক। ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সত্যজিৎ রায় পান ‘বিবিসির শ্রেষ্ঠ বাঙালি’ (১৩তম) উপাধি। পাশাপাশি, পদ্মভূষণ ও ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন তিনি।
১৯৮৩ সালে ‘ঘরে বাইরে’ সিনেমা কাজ করার সময় সত্যজিৎ রায়ের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকে তার কাজের গতি ধীর হতে থাকে। ১৯৯২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সত্যজিৎ রায় হাসপাতালে ভর্তি হন। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কাটে তার জীবনের শেষ দিনগুলো। ১৯৯২ সালের ২৩ এপ্রিল এই মহান চলচ্চিত্রকার মৃত্যুবরণ করেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।