লকডাউনের জেরে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এবার অন্নদান চ্যালেঞ্জ শুরু করলেন সালমান খান। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে যে সমস্ত পরিবারগুলির কাছে পেট ভরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেই পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানালেন বলিউডের ভাইজান খ্যাত এ অভিনেতা।
এরইমধ্যে বলিউড ভাইজানের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকি এবং তার ছেলে জিসান সিদ্দিকি।
সালমানের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই বাবা সিদ্দিকিরা ১ লাখ ২৫ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর জানান খোদ ভাইজান। বাবা সিদ্দিকি নন, এই চ্যালেঞ্জে সাড়া দিয়ে যে কেউ অংশ নিতে পারেন বলে আহ্বান জানান সালমান।
লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে আটকে রয়েছেন সালমান খান। পানভেলে আটকে থাকলেও, সেখান থেকেই অসহায়দের সাহায্য শুরু করেন সালমান। কখনো দৈনিক রোজগেরে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন খাবারদাবার নিয়ে আবার কখনো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে চুপচাপ সাহায্য করে চলেছেন সালমান খান। কখনো আবার পানভেলের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে, সেখানকার মানুষের তিনবেলার খাবার যোগাড় করছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।