বরাবরই হুয়াওয়ে দাবি করে আসছে চীন সরকারের কোন কর্তৃত্ব নেই তাদের ওপর। কিন্তু বিভিন্ন সময়ে পাওয়া তথ্য দেখে মনে হতেই পারে নিজেদের টেক জায়েন্টকে রক্ষা করতে দারুণভাবে সচেষ্ট খোদ চীন সরকার। তারই প্রমাণ হিসেবে সম্প্রতি এক নতুন তথ্য সামনে এসেছে।
জানা যায়, ইরানের সঙ্গে বাণিজ্যে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠার পর একটি ‘উইচ্যাট আলাপ’কে কেন্দ্র করে ২০১৮ সালের ডিসেম্বর মাসে হুয়াওয়ের সাবেক পাঁচ কর্মচারীকে গ্রেফতার করে চীন। গ্রেফতারের সময় এ বিষয়ে কোন তথ্য পাওয়া না গেলেও বর্তমানে এই গ্রেফতারের বিষয়টি আলোচনায় আসে।
হুয়াওয়ের আরেক সাবেক কর্মী লি হংউয়ানকে গ্রেফতারের পর অনেকেই ভেবেছিলেন বকেয়া বেতন দাবি করায় হয়তো তাকে চাকরীচ্যুত করা হয়েছে। তবে পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, শ্রমিক অসন্তোষের জন্য নয় বরং অপরাধমূলক কার্যকলাপের জন্যই তাকে বের করে দেওয়া হয়েছে।
তাদের নতুন এই দাবি এটাই প্রমাণ করে, হুয়াওয়ে যে শুধু তাদের সাবেক কর্মীদের সব ধরনের কথোপকথনের উপর নজরই রাখছে তা নয়, বরং সাবেক কর্মচারীদের সব রকম সমালোচনা আর সমালোচকদের চুপ করাতে কর্তৃপক্ষের রক্ষণশীলতারও সুযোগ নিচ্ছে।
এদিকে লি হংউয়ানকে গ্রেফতারের বিষয়ে আগের বক্তব্য সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি হুয়াওয়ে। এমনকি স্থানীয় পুলিশও কিছু জানায়নি। খবর ইত্তেফাক।