পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে অভিহিত। প্রতি বছর এই দিনটি পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ বিশেষভাবে পালন করে থাকেন। দিনটিতে দেশের চ্যানেলে চ্যানেলে ফকির আলমগীরের গান প্রচারিত হয়। দম ফেলার সময় পান না এই গণসঙ্গীতশিল্পী।
তবে করোনাভাইরাসের কারণে এবার আর সেই সুযোগ হচ্ছে না। তাই মে দিবসে প্রকাশের জন্য তিনটি গান তৈরি করছেন তিনি। গানগুলোতে উঠে আসবে করোনাভাইরাস বিষয়ে সতর্কতা।
এর মধ্যে ‘আর না করোনা’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। বাকি দুটি গান তপন বাগচীর লেখা ‘করোনার পরে দেখা হবে মানুষের পৃথিবীতে’ ও ‘এমন শত্রু আসে নাই আগে’।
ফকির আলমগীর বলেন, সারা পৃথিবীর মানুষ এখন ঘরবন্দী। এই মহামারী থেকে বাঁচতে সতর্কতার কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকেই এবার পহেলা মের জন্য গানগুলো করা। মরণব্যাধি থেকে পৃথিবী মুক্তি পাক। এটাই এখন একমাত্র চাওয়া।
ফকির আলমগীর জানান, তিনটি গানই পহেলা মের আগে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশ করা হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।