লকডাউনের কারণে গত একমাস ধরে বাড়িতে বন্দি রয়েছেন দু’জনে। আগামী ৩ মে লকডাউন শেষ হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। তবে তার আগেই বান্ধবী রিচার জন্য যেন ‘পাগল’ হয়ে গেলেন বলিউড অভিনেতা আলি ফজল।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, লকডাউনের কারণে রিচা চাড্ডার সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারেছেন না বলিউডের এই অভিনেতা। ফলে দীর্ঘদিন ধরে বান্ধবীর কাছ থেকে দূরে রয়েছেন তিনি। কিন্তু এই দূরত্ব আর ভাল লাগছে না তার। সেই কারণেই এবার বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বাই পুলিশের কাছে বিশেষ অনুমতি চাইতে পারেন আলি ফজল। মুম্বাই পুলিশ যদি অনুমতি দেয়, তাহলে রিচা সঙ্গে তিনি দেখা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ফুকরে অভিনেতা।
যদিও লকডাউনের মাঝে বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করার জন্য আলি ফজলকে মুম্বাই পুলিস বিশেষ অনুমতি দেবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে লকডাউনের মাঝে ব্যাটম্যানের মুখোশ পরে গাড়ি নিয়ে বের হন আলি ফজল। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভুক্ত মানুষদের পেটে খাবার যোগাতেই বিশেষ প্রচেষ্টা শুরু করেন আলি। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায় সম্প্রতি।
অন্যদিকে চলতি বছরই বিয়ে করবেন বলে ঠিক করেন বলিউডের এই সেলেব জুটি। গোয়ায় তাদের বিয়ের আসর বসবে বলেও জানা যায়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের জেরে রিচা, আলির বিয়ের দিনক্ষণ পিছিয়ে দেয়া হয়েছে বলেই খবর প্রকাশ করা হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।