বলিউড গায়িকা কণিকা কাপুর। লন্ডন থেকে ফিরে যখন কার কোয়ারেন্টাইসে থাকার কথা ছিলো ঠিক সে সময় তিনি করেছেন বড় বড় পার্টি। মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও মেলামেশা করেছিলেন গায়িকা।
এরপর যখন তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে, তখন তার নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেক বড় তারকারাও তার নিন্দা করেন। শুধু তাই নয়, হাসপাতালে বসেও তিনি নানান কাণ্ড ঘটিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। কিন্তু এবার আর রক্ষা নেই, পড়েছেন পুলিশি ঝামেলায়। সোমবার (২৭ এপ্রিল) লাখনউ পুলিশ তার বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছে। আর সেই নোটিশেই আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় তার বক্তব্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালে থাকার সময় কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যাধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল লাখনউ পুলিশ। কণিকা সুস্থ হতেই এবার তৎপরতা শুরু করলেন তারা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।