আশির দশকের শেষভাগে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’। এই নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন খ্যাতিমান অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদি। তার চরিত্রটি আজো দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে।
ঘরবন্দী মানুষকে বিনোদন দিতে এরইমধ্যে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ নাটক দুটির প্রচার শুরু হয়েছে। প্রচারের পর এ প্রজন্মের দর্শকদের কাছেও ধারাবাহিকগুলো বেশ সাড়া ফেলছে। সেই ধারাবাহিকতায় প্রচার হবে কালজয়ী নাটক ‘সংশপ্তক’।
এ বিষয়ে বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ বলেন, ৩০ বছর পর এই ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে টেপ থেকে ধারাবাহিকটি ট্রান্সফারের কাজ শুরু করা হয়েছে। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকটি সপ্তাহখানেক পর প্রচার শুরুর পরিকল্পনা করা হয়েছে।
নাটকটিতে হুমায়ুন ফরীদি ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, মুজিবুর রহমান দিলু, মামুনুর রশীদ ও সুবর্ণা মুস্তাফাসহ অনেকে।
শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দেন ইমদাদুল হক মিলন। নাটকটি পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন, আল মনসুর ও মোহাম্মদ আবু তাহের। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।