এই সময়ের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অনেক গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসাবেও দেখা গেছে তাকে। এবার পবিত্র মাহে রমজান ও বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে তিনিটি ইসলামী গান নিয়ে হাজির হচ্ছেন।
জানা গেছে, এই তিনটি গানের প্রথম গানটির শিরোনাম ‘করো ইবাদত’। গানটির লিরিকাল ভিডিও সম্পাদনা করেছেন সাগর হোসেন। শনিবার সকালে এটি প্রকাশ করা হয়েছে ইমরানের নিজের ইউটিউব চ্যানেলে।
এই গানটি ছাড়াও অন্যান্য গানের সুর করেছেন ইমরান নিজেই। তিনটি গানই ইমরানের খালি গলায় শুনতে পাবে দর্শকরা। বাকি দুটি গান শিগগরিই প্রকাশ পাবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
গানগুলোর প্রসঙ্গে ইমরান বলেন, মানুষ এখন বেঁচে থাকার জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে। আমরাও প্রার্থনার মধ্যেই আছি। রোজাও শুরু হয়েছে। আমার মনে হয়েছে, এই মুহূর্তে ইসলামী গান করলে ভালো হয়। সেই জায়গা থেকে গানগুলো করা।
ইমরান বলেন, গানগুলোর কথার ওপর ভিত্তি করে ইসলামী গজলের মতো করেই সুর করেছি। তিনটি গানই গেয়েছি খালি গলায়। গানগুলোতে আল্লাহ, আজান, নামাজ, রোজা, প্রার্থনাসহ ইসলামের নানা বিষয় উঠে আসবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।