নব্বই দশকের দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজ। তারা বাস্তব জীবনেও জুটি বাঁধেন। বাস্তব জীবনে এই সফল দম্পতি অনেক আগে চলচ্চিত্র থেকে দূরে সরলেও চলচ্চিত্র জগতে রয়েছে নিয়মিত পদচারণা। বর্তমান করোনাভাইরাসের কারণে অন্য সবার মতো তারাও গৃহবন্দী।
এ অবস্থাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দম্পতি বলেন, সারা বিশ্বমানবতা আজ করোনাভাইরাসের হুমকির সম্মুখীন। বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা আশা করছি, সরকারি নিয়ম মেনে আমরা কেউ বাসা থেকে বের হব না। দেশের এই পরিস্থিতিতে আল্লাহর রহমতে আপনি নিরাপদে থাকুন সপরিবারে, সুস্থ থাকুন, ভালো থাকুন সবাইকে নিয়ে।
তারা আরো লেখেন, আমাদের জন্য দোয়া করবেন। পৃথিবীর সব মানুষের জীবনের স্বাভাবিকতা ফিরে আসুক-এই দোয়া করি।
১৯৯৪ সালের ৫ অক্টোবর রাজধানীর লালমাটিয়াতে শাবনাজের বাসায় নাঈম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চলচ্চিত্রের আদর্শ এ তারকা দম্পতি গেল বছর ৫ অক্টোবর দাম্পত্য জীবনের ২৫ তম রজতজয়ন্তী পূর্ণ করেন। তাদের ঘরে নামিরা-মাহাদিয়া নামের দুই কন্যা সন্তান রয়েছে।
১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’সহ আরো বেশকিছু চলচ্চিত্র। সর্বশেষ তারা দু’জন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ এবং শাবনাজ সর্বশেষ ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।