করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। লকডাউনের কারণে ঘরবন্দি সবাই। এ সময়ে অভিনেত্রী পার্নো মিত্রকে ইনস্টা, ফেসবুকে বিশেষ দেখা যায়নি। কী করছেন তিনি? কেমন আছেন?
এ বিষয়ে পার্নো জানান, সবাই কত কিছু করছে, আমি কিন্তু সেভাবে কিছুই করছি না। দেরি করে ঘুম থেকে উঠছি। একটু ওয়ার্কআউট করছি। পোষ্যদের নিয়ে খেলা করছি। ব্যস।
ফেসবুক জুড়ে হঠাৎ করেই প্রোডাক্টিভিটির ছড়াছড়ি সে বিষয়ে পার্নোর বিশেষ মাথাব্যথা নেই। আর প্রেম, বয়ফ্রেন্ড? হাসতে হাসতে বললেন, আমার আবার বয়ফ্রেন্ড কোথায়? আর থাকলেও বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার সময় নয় এখন। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর বয়ফ্রেন্ড!
বেশ কিছু দিন হল তিনি পা রেখেছেন রাজনীতির আঙিনায়। ত্রাণের কথা আসতেই তাকে প্রশ্ন করা হয়, ফান্ডিং কার? পার্নো জানান, একান্তই ব্যক্তিগত। কোনো রাজনৈতিক দলের সাহায্য নেননি তিনি। এমনিতে বাড়ির কাজে সেভাবে হাত লাগাতে হয়নি তাকে। রান্নার দায়িত্ব বোন নিয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।