‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামে আট ঘণ্টার এক কনসার্টে অংশ নেবেন বিশ্বখ্যাত একঝাঁক তারকা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগের সেনানীদের সহায়তায় বিশেষ এ কনসার্টের আয়োজন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ডব্লিউএইচওর জন্য কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডে দেয়া হবে।
জানা গেছে, রোলিং স্টোনসের সব সদস্য ও বিলি আইলিশসহ শতাধিক শিল্পী নিজেদের ঘর থেকে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন। গ্লোবাল সিটিজেন মুভমেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আট ঘণ্টার এই বৈশ্বিক আয়োজন করেছে। এতে সহযোগিতা করছেন সুপারস্টার লেডি গাগা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মার্কিন টিভি ব্যক্তিত্ব স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও জিমি ফ্যালোন। এতে অন্যদের মধ্যে অংশ নেবেন এলটন জন, টাইলর সুইফ্ট ও ওপরা উইনফ্রি, রোলিং স্টোনস ব্যান্ডের চার সদস্য মিক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস ও রনি উডসহ অনেকে।
দুই পর্বে বিভক্ত কনসার্টটি বাংলাদেশ সময় শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং চলবে। এরপর দুই ঘণ্টা টেলিভিশনে সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিবিসি ওয়ান কনসার্টের কিছু অংশ প্রচার করবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।