করোনাভাইরাস প্রকোপ দিন দিন বেড়েই চলছে। অনেকের আয় বন্ধ হয়ে গেছে। সমাজের সামর্থ্যবান ও বিভিন্ন সংগঠন নিম্নবিত্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। কিন্তু এই মুহূর্তে মধ্যবিত্ত শ্রেণির এমন অনেক পরিবার আছে যারা আত্মসম্মানের কারণে সাহায্যে চাইতে পারছেন না। এই পরিস্থিতিতে সেসব পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ‘ক্লাব ১১ ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠান।
সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় এই প্রতিষ্ঠানটি ‘সাহায্য চাইতে না পারা’ এমন ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। ‘ক্লাব ১১ ফাউন্ডেশন’এর পক্ষ থেকে এই পরিবারগুলোকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসির।
এ ব্যাপারে এ অভিনেতা বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ আছে যারা সাহায্য চাইতে পারে না, আমরা তাদের খুঁজে খুঁজে বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত ২৫০ পরিবারের ঘরে গিয়ে চাল, ডাল, তেল, লবণ, সাবান, পেঁয়াজ, চিড়া পৌঁছে দিয়েছি। আমাদের ‘ক্লাব ১১ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠানের পরিচালক টেলিভিশন প্রযোজক আকবর হায়দার মুন্না ভাইকে ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। তার কারণেই এতো মানুষকে সহযোগিতা করতে পারলাম।’