আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে দিনটির উদযাপন শুরু হয়। আট বছর নিরবচ্ছিন্নভাবে দিবসটি পালিত হলেও এবার হলো এর ব্যতিক্রম। করোনাভাইরাসের কারণে অঘোষিতভাবে বাতিল হয়ে গেছে দিবসের কার্যক্রম।
প্রতিবছর এ দিন এফডিসিকে সাজানো হয় ব্যানার-ফেস্টুন দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তারকারা আসেন। বাদ যায়নি সরকারি কর্মকর্তারাও। অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এবছর দেশের এই ক্রান্তি লগ্নে সব আয়োজন বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে শাকিব খান বলেন, পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের কারণে আতঙ্কে আছে। আমাদেরও একই অবস্থা। আবার চলচ্চিত্রের এই দুর্দিনে এমন উৎসব মানায় না। আগে চলচ্চিত্রটাকে বাঁচাতে হবে। তারপর উৎসব।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, চলচ্চিত্র মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়। চলচ্চিত্রের বিকল্প কিছু হতে পারে না। টেলিভিশন নয়, নেটফ্লিক্সে সিনেমা দেখা নয়, ইউটিউবে কোনো সিনেমা দেখা নয়। চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্র, অন্য কিছু হতে পারে না। আজ সেই চলচ্চিত্র দিবস। কিন্তু করোনার কারণে কোনো প্রকার আয়োজন করা হচ্ছে না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।