বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফিরে পেলেন রাজীব প্রসাদ (৩৫) নামে এক সার ব্যবসায়ী। আজ শুক্রবার(১৫ নভেম্বর) সকালবেলা রিকশাচালক লাল মিয়া (৫৫) উপজেলার রনবাঘা বাজারে তার রিকশায় ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি মালিককে ফেরত দেন। এদিন বেলা সাড়ে ১১টার সময় উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
জানা যায়, টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক লাল মিয়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। ওই ব্যাগ পাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে তিনি টাকার মালিককে খুঁজতে থাকেন। টাকার মালিককে না পেয়ে রিকশাচালক লাল মিয়া টাকাগুলো বাড়িতে রাখেন এবং আবারো টাকার মালিককে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি সদর থানা পুলিশের মোবাইল নাম্বর সংগ্রহ করেন এবং মোবাইলে যোগাযোগ করে পুলিশকে জানায় যে, ব্যাগ পাওয়া টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরবর্তীতে পুলিশ লাল মিয়ার বাড়িতে গিয়ে টাকাগুলো উদ্ধার করে।
এ বিষয়ে পাওয়া টাকার মালিক সার ব্যবসায়ী রাজীব প্রসাদ বলেন, তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করেন। নন্দীগ্রামের রনবাঘা বাজারে ব্যবসা করেন রাজীব। শুক্রবার সকাল সোয়া ৭ টার সময় জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সাথে ছিল ৩টি ব্যাগ। তবে ভুলবশত ওই তিনটি ব্যাগের মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি রিকশায় ফেলে যান তিনি। প্রায় ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। তবে না পেয়ে এরপর তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে জানান।