যুদ্ধকালীন একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ২৬ মার্চের বিশেষ নাটক ‘কালের আবর্তে’। হেলেন বদরুদ্দীনরে গল্পে, সৈয়দ ইকবালের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।
নাটকটিতে কল্যাণী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে, খালেকের চরিত্রে শতাব্দী ওয়াদুদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, রিগ্যান, হাসিসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের মার্চ মাস। ইসলামপুরে কল্যাণী নামের এক নারী পৈতৃক ভিটায় কয়েকটি মেয়েকে নিয়ে থাকেন। তার বাড়িটি মূলত একটি পতিতালয়। কল্যাণীকে ভালোবাসেন বিরিয়ানি দোকানদার আলতাফ। কিন্তু কল্যাণীদের এমনই জীবন, যেখানে ভালোবাসা কিংবা সংসার থাকে না।
এদিকে এলাকার খালেক কল্যাণীদের পাড়ায় নিয়মিত আসেন। একদিন ছোট্ট একটি বিষয় নিয়ে আলতাফ ও খালেকের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকটির গল্প।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘কালের আবর্তে’ নাটকটি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।