অভিনেতা মোশাররফ করিম খুবই বেছে বেছে কাজ করেন। তিনি সম্প্রতি শেষ করলেন ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের একটি নাটকের কাজ। এ নাটকটির গল্প অন্যান্য নাটক থেকে একেবারেই আলাদা।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ম্যাগনেট বাবু’ নামের নাটকটিতে মোশাররফ করিম ম্যাগনেট বাবুর চরিত্রে অভিনয় করেছেন। একদিন বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তিনি, হটাৎ করেই বজ্রপাত হয় তার মাথার ওপর। কিন্তু এতে তিনি মারা যাননি, কয়েকদিন পরই সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এই ঘটনার পর থেকে বাবু পাড়ার সকলকে বলেন তার হাতে বিশেষ ক্ষমতা আছে এবং তিনি সবার সাথে প্রতারণা শুরু করেন।
পরিচালক জানান, আপনারা যদি বাকি গল্প জানতে চান তাহলে নাটকটি দেখতে হবে। তবে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘এমন গল্পে এর পূর্বে আমি অভিনয় করিনি। এই নাটকে ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র। আমি মনে করি দর্শকরা নাটকটি বেশ উপভোগ করতে পারবেন।’
‘ম্যাগনেট বাবু’ শিরোনামের নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান এবং পরিচালনা করেছেন তপু খান।