বহু অপেক্ষার অবসান ঘটিয়ে শাকিব খানের ঈদের ছবির নাম জানা গেল। পরিচালক অনন্য মামুন পরিচালিত ছবিটির নাম ‘নবাব এলএলবি’। যেখানে তার সঙ্গে অভিনয় করবেন মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া।
এর আগে ‘ভালোবাসা আজকাল’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন শাকিব-মাহি। ফের আবারো এ জুটিকে একসঙ্গে দেখতে পাবেন বড়পর্দার দর্শকরা। আর বাড়তি চমক হিসেবে থাকবেন অর্চিতা স্পর্শয়া।
মাহি ও স্পর্শিয়া দুইজনই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, সিনেমাটি নিয়ে আমাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়নি।
‘নবাব এলএলবি’ নিয়ে শাকিব খান বলেন, আগের ‘নবাব’ যেমন ঈদের ছবি ছিল ‘নবাব এলএলবি’ ও ঈদের ছবি হবে। বড় আয়োজনের ছবি হবে এটি। ঈদকে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।
এদিকে শাকিব খানের আগের নবাবের রিমেক নয় বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, নায়ক প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। কোনো রিমেক নয়। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে।
ছবিটির শুটিং আগামী ২৮ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে বলে জানা গেছে। আসছে ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা আছে সিনেমাটির। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।