বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কভিড-১৯ নামে পরিচিত এ ভাইরাসের সংকটকে ঘিরে এরইমধ্যে অস্থিরতা দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে। যার মধ্যে রয়েছে বিশ্ব বিনোদনও। যার অংশ হিসাবে হলিউডের সিনেমাতেও এর প্রভাব পড়েছে তুমুলভাবে।
জেমস বন্ড সিরিজের পঁচিশতম নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নো টাইম টু ডাই’। এই ছবিটি ২ এপ্রিল যুক্তরাজ্যে এবং ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ছবিটি। ক্যারি জোজি ফুকুনাগা এবং মেট্রো-গোল্ডউইন-মেয়ার পরিচালিত এ ছবিটি ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি।
প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ন প্রডাকশন ছবিটি মুক্তি পেছানোর কারণ স্পষ্ট করেননি। তবে করোনাভাইরাসের কারণে ছবিটি মুক্তি পিছিয়ে গেছে তাতে সন্দেহ নেই। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের প্রেক্ষাগৃহগুলোর বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা ও সামগ্রিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।
এ পরিস্থিতিতে এই প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিটা অন্যদের চেয়ে বেশি। কারণ অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি বলতে গেলে বছরজুড়েই নানা প্রেক্ষাগৃহে চলে। কিন্তু এই প্রতিষ্ঠানের ছবির ব্যবসাই এই সময়কে ঘিরে। জেমস বন্ডের অর্থনৈতিক সাফল্যের ওপর তাদের অনেক কিছু নির্ভর করে।
এ মৌসুমের প্রথম বৈশ্বিক ব্লকবাস্টার সিনেমা নো টাইম টু ডাই। ০০৭ থেকে এমজিএমের আয়ের দুই-তৃতীয়াংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। এর একটা উল্লেখযোগ্য অংশে অবদান রাখে চীনের বাজার। এ কারণে গত ফেব্রুয়ারিতে এ ছবির থিম সং মুক্তি দিলেও এখন সব কার্যক্রম বন্ধ।
জেমস বন্ডের পরই মুক্তির অপেক্ষায় থাকা দুটি ব্লকবাস্টার সিনেমা হলো ডিজনি ও মার্ভেলের ব্ল্যাক উইডো এবং ইউনিভার্সালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নবম সিক্যুয়াল এফ-৯। এ দুটি ছবি আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ডিজনি ও ইউনিভার্সাল নির্ধারিত তারিখেই ছবি মুক্তির আশা করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে এ দুটি ছবির মক্তিও পিছিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
ছবি দুটির পরেই আসছে জুনে মুক্তি পাবার কথা রয়েছে বড় বাজেটের সিনেমা স্কুবি ডু অ্যাডভেঞ্চার সিরিজের স্কুব এবং ওয়ান্ডার ওম্যান ১৯৮৪। এই দুটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এই ছবিগুলোও রয়েছে অনিশ্চিয়তায়।
এভাবে একের পর এক ছবি মুক্তি অনিশ্চিয়তায় পুরো বছরেই এর প্রভাব পড়বে বলে দাবি বিশ্বের হলিউডের চলচ্চিত্রাঙ্গনের অনেকের। কারণ ছবি মুক্তির সূচি নির্ধারণ করা হয় কয়েক মাস আগে। এই সময়ে একটি ছবির মুক্তি পিছিয়ে যাওয়া মানে মুক্তির অপেক্ষায় থাকা অন্য ছবিগুলোর জন্য সমস্যা তৈরি করা। তাই যদি উল্লেখিত ছবিগুলো মুক্তি পিছিয়ে যায় তাহলে বছর জুড়েই হলিউডের সিনেমার বাজারে প্রভাব থেকে যাবে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। গত জানুয়ারি থেকে চীনের ৭০ হাজার প্রেক্ষাগৃহের সবক’টি বন্ধ। জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে অধিকাংশ এলাকাতেও সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে যে ছবিগুলো এরই মধ্যে মুক্তির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়েছে। কারণ একটি ছবির মুক্তির আগে প্রচারের জন্যও বিশাল বাজেট রাখতে হয়। হলিউডের সিনেমার মধ্যে এই তালিকায় রয়েছে ডিজনির অনওয়ার্ড, ২০ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা প্যারামাউন্টের আ কোয়াইট প্লেস পার্ট-২ এবং ২৭ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ডিজনির মুলান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।