দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রায় ৫ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এরইমধ্যে কয়েক দফা তার মৃত্যুর গুজবও ছড়িয়েছে। কিন্তু আশা জাগানিয়া খবর হচ্ছে, এখন অনেকটাই ভালো আছেন এন্ড্রু কিশোর। মার্চ মাসেই দেশে ফিরতে পারেন তিনি।
এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, মার্চ মাসে ১৮ কিংবা ২০ মার্চ (সম্ভাব্য তারিখ) দেশে ফিরতে পারেন এন্ড্রু কিশোর। চিকিৎসকরা চূড়ান্ত ভাবে হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের ছুটির তারিখ জানাননি এখনো। তবে জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের মাঝামাঝি হাসপাতাল থেকে তার ছুটি মিলতে পারে।
অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। পাঁচ মাস পেরিয়ে গেছে। এখনো চিকিৎসা চলছে তার। তার ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। অবশেষে সেই খবর জানা গেল এবার।
এন্ড্রু কিশোর প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।