২০১৯ বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মাশরাফি মুর্তজা। বিশ্বকাপের পর চোটের কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন। যা অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিকেই মাশরাফির শেষ সিরিজ হিসেবে দেখছেন।
কেন এটিকে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ দেখছেন সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন, ‘সামনের ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দল গোছাতে হবে। একজন অধিনায়কও ঠিক করতে হবে। বিশ্বকাপের আগে অন্তত দুই বছর যেন ওই অধিনায়কের নেতৃত্বে টিমটা খেলতে পারে। সুতরাং খুব দ্রুত আমরা ওয়ানডেতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবো। সম্ভবত আগামী ৭-৮ তারিখে বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
খবর বাংলা ট্রিবিউন।