আর একটি ম্যাচ, যে ম্যাচে জিততে পারলে স্বপ্ন পূরণ হবে। রবিবার যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে স্বপ্নের ফাইনাল অবশ্য আকবর-শামীমদের কাছে শুধুই একটা ‘সাধারণ’ ম্যাচ!
বড়দের মতো ছোটদের ক্রিকেটেও ভারত যেন বাংলাদেশের কাছে আতঙ্কের প্রতিশব্দ। অতীত পরিসংখ্যান তো সে কথাই বলে। গত দুই বছরে তিনটি ফাইনালে ভারতের কাছে হার মানতে হয়েছে, দুটি এশিয়া কাপে, অন্যটি ত্রিদেশীয় সিরিজে (তৃতীয় দল ইংল্যান্ড)।
এবার কি ভারত-জুজু দূর হবে? টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে ভারত, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ফাইনালকে সহজভাবে নিতে চাইছেন। শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফাইনাল কিংবা শিরোপা জিততেই হবে এমন কিছু চিন্তা করছি না। এসব ভেবে খেলতে নামলে বাড়তি চাপ চলে আসবে। চেষ্টা করবো আগের ম্যাচগুলোর মতো ফাইনালকেও সাধারণ ম্যাচ ভেবে খেলতে।’
ভারতকে সমীহ করলেও পরিকল্পনা মতো খেলতে চান আকবর, ‘ভারত দুর্দান্ত দল, তাদের ব্যাটিং-বোলিং দুটোই ভালো। টুর্নামেন্টে তারা এখনও অপরাজিত, আমরাও অপরাজিত। ফাইনালে পরিকল্পনা মতো খেলতে পারলে না জেতার কারণ দেখি না।’
টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটে-বলে উজ্জ্বল বাংলাদেশ। ফাইনালে তাই আশাবাদী অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং-বোলিং দুটোই ভালো হচ্ছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা ছন্দে আছে। বোলারদের ইকোনমিও ভালো। ভারতের বিপক্ষে বোলার-ব্যাটসম্যানরা ভালো খেললে ফল আমাদের পক্ষে আসবে।’
আকবরের মতো শাহাদাত হোসেনের কাছেও ফাইনালে একটাই মন্ত্র—সাধারণ ম্যাচ, ‘আমাদের প্রস্তুতি ভালো। সাধারণ ম্যাচ মনে করেই ফাইনালে খেলতে নামবো। এছাড়া অন্য কিছু ভাবছি না।’
খবর বাংলা ট্রিবিউন।