অনেক দিন ধরেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করে যাচ্ছিলেন সাবেক তারকা ফুটবলার সত্যজিত দাশ রুপু। এই পদে পরিবর্তন আসতে পারে, এমনটি শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। নেপালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগেই জামাল-জীবনদের জন্য নতুন ম্যানেজার নিযুক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ-নেপাল ম্যাচে স্বাগতিক দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমের খান। শুধু নেপাল ম্যাচেই নয়। বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষেও ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তা থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন নির্বাহী কমিটির আরেক সদস্য ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ।
নতুন দায়িত্ব পেয়ে আমের খান ভীষণ আনন্দিত। বয়সভিত্তিক বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলেছেন, ‘নতুন দায়িত্ব সম্পর্কে আজ সন্ধ্যায় জানতে পেরেছি। আমি নিজেও কাজ করতে মুখিয়ে আছি। এর আগে বয়সভিত্তিক দল দেখভাল করেছি। এবার সিনিয়র দলের হয়ে কাজ করবো। আপাতত তিনটি ম্যাচের জন্য দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’
খবর বাংলা ট্রিবিউন