নানা চড়াই-উতরাই পার হয়ে টেস্ট ক্রিকেটে ২০ বছর পার করেছে বাংলাদেশ। তাই ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করতে ভুলেননি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল দুই অধিনায়ক- মুশফিকুর রহীম ও মাশরাফি বিন মুর্তজা। নারী ক্রিকেটার জাহানারা আলম নিজের পেইজে দিনটিকে স্মরন করে একদিন টেস্ট খেলার অঙ্গীকার করেছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ বছর আগে এই দিনটিতে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। টেস্টের দুই দশক পূর্তিতে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক আগামী দিনগুলোতে প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেছেন। ফেসবুক পেজে নিজের ক্যারিয়ারের বেশ কিছু ছবি সংযুক্ত করে তিনি লিখেছেন, ‘আজ আমাদের টেস্ট ক্রিকেটের ২০ বছর পূর্ণ হয়েছে। যদিও এই ফরম্যাটে আমরা আমাদের প্রত্যাশা মতো সাফল্য অর্জন করতে পারিনি।
তবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা এই ফরম্যাটে অনেক দূর যাবো। আপনাদের মুখে হাসি ফোটাবো।’
বাংলাদেশের টেস্ট অভিষেক হওয়ার এক বছর পর মাথায় টেস্ট ক্যাপ পরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তাই মাশরাফি নিজেও আপ্লুত ছিলেন এই দিনটিকে নিয়ে। ফেসবুক পেজে লিখেছেন, ‘১০ নভেম্বর, ২০০০: টেস্ট ক্রিকেটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। ৮ নভেম্বর, ২০০১: আমি যে খেলাটা পছন্দ করি, সেই খেলায় আমার যাত্রা শুরু হয়েছিল।’
নারী দলের ক্রিকেটার জাহানারা আলম নিজের পেজে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে বিশ বছর পার করেছে বাংলাদেশ। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। টেস্ট ক্রিকেট খেলেই একজন পরিপূর্ণ ক্রিকেটার হয়। স্বপ্ন দেখি আমরাও একদিন টেস্ট ক্রিকেট খেলবো।’
খবর মানবজমিন