গত ২৯ অক্টোবর আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের। আবারও ক্রিকেটে ফিরতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। এটা সবারই জানা যে, সাকিবের ফেরার মঞ্চ হতে পারে বঙ্গবন্ধুর নামে আয়োজিত টি- টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচ দলের টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ২২ নভেম্বর থেকে। তবে তার আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে। সোমবার শেরেবাংলা স্টেডিয়ামে হবে সেই ফিটনেস পরীক্ষা। শুধু সাকিব নন, ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি।
আগামী ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী ফিটনেস পরীক্ষার প্রথম দিনের প্রথম গ্রুপেই রয়েছেন সাকিব। যদিও সাকিবের ফিটনেস টেস্ট নিয়ে চিন্তিত নয় বিসিবি। এক প্রশ্নের জবাবে শনিবার বিসিবির হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘বিষয়টি সত্যি যে সাকিব এতদিন ক্রিকেটে ছিল না। কিন্তু ও যে লেভেলের প্লেয়ার, ফিটনেসটা আমার মনে হয় না ওর কাছে কোনও সমস্যা হবে। কিন্তু ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড তো অবশ্যই আছে। সে স্ট্যান্ডার্ডে সবাইকে কন্টিনিউ করতে হবে। সাকিবকেও সেটি করতে হবে। তবে আমি নিশ্চিত, একটু সময় পেলে ফিটনেসটা ওপরের দিকে সে নিয়ে যেতে পারবে। সুতরাং এটা নিয়ে আমরা চিন্তিত না।’
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি লিগে খেলছেন না বিষয়টি একপ্রকার নিশ্চিতই। গত ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন সাবেক অধিনায়ক। মাশরাফির ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘ যতটুকু জানি, ও পুরোপুরি ফিট নয়। সে যখন ফিট হবে তখন তাকে নিয়ে আমরা ভাববো। আপাতত সে ফিটনেস টেস্টও দিতে পারবে না।’
খবর বাংলা ট্রিবিউন