করোনাকালে ক্রীড়াঙ্গনের অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মহৎ লক্ষ্যে তারা স্মৃতিধন্য ক্রীড়া সামগ্রী নিলামে তুলছেন একের পর এক। রেফারি তৈয়ব হাসানও তেমনই একজন। ২০১৩ সালে সাফের ফাইনালে রেফারি হিসেবে বাঁশি বাজানো ম্যাচটির জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। আগামী শনিবার রাত সাড়ে ১০টায় হতে যাচ্ছে এই নিলাম। আর পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন।’
তৈয়ব আশা করছেন, এই নিলামে ভালো দাম উঠবে। তেমনটি হলে তিনি দুর্গতদের পাশে সহজেই দাঁড়াতে পারবেন। এর মধ্যে সাতক্ষীরার দুই ব্যবসায়ী অবশ্য জার্সিটি কিনতে উচ্চমূল্য হেঁকেছিল। এদের একজন শেখ তানজিম দুই লাখ টাকা ও নাছিম ফারুক খান ৫ লাখ ৫৫ হাজার টাকা বলেছেন। যদিও শনিবারের নিলামের মাধ্যমেই চূড়ান্ত হবে সবকিছু।
তৈয়ব হাসান বলেছেন, ‘চারদিক থেকে ভালোই সাড়া পাচ্ছি। এরই মধ্যে দুই ব্যবসায়ী কিনতে আগ্রহ দেখিয়েছেন। আমি চাই ভালো মূল্যে সেটি বিক্রি হোক। যেন করোনায় অসহায় লোকজনের পাশে দাঁড়ানো যায়। আগামী শনিবারই ঠিক হবে, জার্সিটি কে কিনতে যাচ্ছেন।’
তৈয়ব ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এএফসির এলিট প্যানেলে ছিলেন টানা ১০ বছর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।
খবর বাংলা ট্রিবিউন