মেহেদী হাসান সৈকত
ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের ক্রিকেটাঙ্গন। একদিনের ব্যবধানে ভারতের বলিউড হারিয়েছে দুটি উজ্জ্বল নক্ষত্র। গতকাল বুধবার ইরফান খানের মৃত্যুর পর, আজ (বৃহস্পতিবার) সকালে মৃত্যুবরণ করেন ঋষি কাপুর।দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ হার মেনে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের ক্রীড়াঙ্গনেও।সদা হাস্যোজ্জ্বল এ অভিনেতার অভিনয় ও মনোমুগ্ধকর সব সিনেমা ছোটবেলা থেকেই যেসব ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা দেখেছেন তাদের মন ভারী হয়ে গেছে তার মৃত্যুতে।
ভারতের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক প্রকাশ করেছেন। সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ রবি শাস্ত্রী লিখেছেন,’ধাক্কা খেয়েছি বললেও আসলে কম হবে। ঋষি কাপুর মানে প্রতিটা মুহূর্ত উপভোগ্য।প্রতি মিনিটেই হাসির খোরাক।নীতু জি (ঋষি কাপুরের স্ত্রী), রণভীর ও ঋদ্ধিমার জন্য দোয়া।ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।’
আরেক সাবেক অধিনায়ক অনিল কুম্বলে নিজের ছোটবেলার নায়ককে চিরবিদায় জানাতে লিখেছেন, ’আমার ছোটবেলার নায়ক ঋষি কাপুর… (তিনি) চলে গেলেন… তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব সাবেক মারকুটে ওপেনার ভিরেন্দর শেবাগ। ঋষি কাপুরের বিদায়ে তিনি লিখেছেন, ‘ঋষি কাপুরজির মৃত্যুর খবরে মন খারাপ হয়ে গেলো। তাঁর পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।’
সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও শোক জানিয়ে লিখেছেন, ’ঋষি কাপুরজির মৃত্যুর খবরে শোকাহাত। তার পরিবার ও কাছের মানুষদের জন্য আমার সমবেদনা।’
ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি যেন বিশ্বাসই করতে পারছেন না দুইদিনে দুই মহাতারকার বিদায়। তিনি লিখেছেন, ’এটা অবাস্তব, অবিশ্বাস্য। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন যে এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা, তাঁর আত্মা শান্তি পাক।’