করোনাভাইরাসের ফলে চলমান লকডাউনে বিপদে রয়েছেন তৃণমূল কোচেরাও। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন। এরই মধ্যে সারা দেশের প্রায় ২০০ জন কোচকে অর্থ সহায়তা দিয়েছেন এই সংগঠক।
চলমান পরিস্থিতিতে পুরো বিশ্ব-ই এখন কঠিন সময় পার করছে। এই মহাদুর্যোগে প্রতিটি জেলা থেকে তিনজন কোচকে এই অর্থ সাহায্য দেওয়া হয়েছে। প্রত্যেকে ৫ হাজার টাকা করে পেয়েছেন। এই অর্থ দেওয়া হয়েছে জেলা ও বিভাগীয় ফুটবল কর্মকর্তাদের মাধ্যমে।
তরফদার রুহুল আমিন বলেছেন, সামনে খেলোয়াড়সহ বাকিদের জন্যও এই সহায়তা দেবেন তিনি, ‘নিজেদের উদ্যোগে একটি ফান্ড গঠন করেছি। সেই ফান্ড থেকে সারা দেশের অসহায় কোচদের সাহায্য করা হয়েছে। সামনের দিকে খেলোয়াড় ও কোচসহ অন্যদেরও সাহায্য করা হবে।’ খবর বাংলা ট্রিবিউন