আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটাই স্থগিত হয়ে গেছে।
ফিফা-এএফসি আগামী জুন পর্যন্ত বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ স্থগিত করতে বলেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ডে আর ঢাকায় থাকতে চাইছেন না। ইংল্যান্ডে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ১৫ মার্চ প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। শুরুতে ঢাকায়, পরে সিলেটে হওয়ার কথা ছিল প্রস্তুতি-পর্ব। কিন্তু এখন ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ডে মনে করছেন তার দেশে ফিরে যাওয়া উচিত, ‘আসলে এখানে অন্য কিছু ভাববার নেই। সবার স্বাস্থ্য ও নিরাপত্তা আগে দেখতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা লন্ডন ফিরে যাবো। তার আগে বাফুফের সঙ্গে কথা বলবো। পরে পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাবে। এখন ফিরে না গিয়ে উপায় তো নেই, আমাদের হোটেলে বসে থাকতে হচ্ছে। এছাড়া আমার প্রো-লাইসেন্স কোর্স চলছে। আমি ফুটবল অনেক ভালোবাসি। কিন্তু তার চেয়ে গুরুত্বপুর্ণ আমার ও পরিবারের জীবন।’
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের হোম ম্যাচ তিনটি। ২৬ মার্চ আফগানিস্তান, ৪ জুন ভারত ও ৯ জুন ওমানের বিপক্ষে ম্যাচ। তিনটি ম্যাচই স্থগিত হয়েছে। এছাড়া ৩১ মার্চ কাতারে অ্যাওয়ে ম্যাচ হওয়ার কথা। সেটিও স্থগিত হওয়ার পর্যায়ে আছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘ফিফা-এএফসি থেকে প্রস্তাব পেয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরাও কোনও ঝুঁকি নিইনি। ইচ্ছে করলে হয়তো সবার সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া যেতো। কিন্তু তা করতে গেলে এএফসির শর্তাবলি পূরণ করতে হতো। এছাড়া দেখা যাচ্ছে একটি ম্যাচ আয়োজনে খেলোয়াড় ও অফিশিয়ালসহ অনেক কিছুর প্রয়োজন। এই যে সোমবার একজন এএফসি অফিশিয়ালকে(দক্ষিণ কোরিয়ান) ঢাকা বিমানবন্দর থেকে চলে যেতে হয়েছে। তিনি হয়তো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য এসেছিলেন। আমরা কোনও ঝুঁকিই নিইনি।’
তবে আগামী ১১ মার্চ এএফসি কাপে বসুন্ধরা কিংস ও মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যকার ম্যাচটি হবে। এটি নিয়ে কোনও সংশয় নেই। এক্ষেত্রে এএফসি কোনও বিধিনিষেধ আরোপ করেনি। ম্যাচটি নির্দিষ্টি সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে।
খবর বাংলা ট্রিবিউন।