করোনাভাইরাস ছোবল দিয়েছে বাংলাদেশে। রবিবার তিনজন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে। এমন অবস্থায় মুজিববর্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে কি না সে নিয়ে সংশয় দেখা দিয়েছে! যদিও বিসিবির বিশ্বাস সকল আতঙ্ক কাটিয়ে ঠিকমতোই মুজিববর্ষের জন্য দুটি ম্যাচ আয়োজিত হবে।
রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ডের সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তবে পুরো সিরিজটাই সফলভাবে হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। তবে সামনে কী পরিস্থিতি হয় সে ব্যাপারে তো আমরা জানি না। করোনাভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকার যে পদক্ষেপগুলো নেবে, কিংবা নিচ্ছে এবং সামনের পরিস্থিতির ওপর নির্ভর করবে অনেক কিছু। তবে আমাদের বিশ্বাস দুটি ম্যাচ সুন্দরভাবেই আয়োজন করা সম্ভব হবে।’
আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। তার আগে ১৮ এপ্রিল এ আর রহমানের কনসার্ট অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশের দল গঠন করা হচ্ছে। তবে এশিয়া একাদশের হয়ে বিরাট কোহলির খেলার ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি অবশিষ্ট বিশ্ব একাদশের ১১ জন চূড়ান্ত হলেও অস্ট্রেলিয়া থেকে কয়েকজন খেলোয়াড়কে নিতে চেষ্টা করছে বিসিবি, ‘অবশিষ্ট বিশ্ব একাদশে ১১ জন খেলোয়াড় হয়ে গেছে। ওখানে আরও ৩-৪ জন খেলোয়াড় নিতে হবে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য আমরা অপেক্ষা করছি। আর ২-১ দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। আমরা চাই সব দেশ থেকেই খেলোয়াড় আসুক।’
বিরাট কোহলির আশাটা এখনও ধোঁয়াশার মধ্যে আছে। যদিও বিসিবি সভাপতি মনে করেন দ্রুততম সময়ের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, ‘ভারত যে নামগুলো পাঠিয়েছিল, তাতে লোকেশ রাহুল ২২ তারিখের ম্যাচটি খেলবেন। একটি ম্যাচ বিরাট কোহলির খেলার কথা, এ ব্যাপারে আমাদের কাছে কোনও নিশ্চয়তা আসেনি। সুতরাং আপনাদের কিছু বলতে পারছি না। আশা করি দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’
খবর বাংলা ট্রিবিউন।